কৃষ্ণরঞ্জিতা গুপ্ত


লেখালিখির সাথে ভাব জমেছে সেই প্রাইমারি স্কুল থেকেই । তখন স্কুল মাগাজিন-এর পাতায় একটি ছোট্ট কুঁড়ির আবির্ভাব….একটি কবিতার মাধ্যমে । রবীন্দ্রনাথের কবিতার প্রেমে পড়েছিলাম ... খুব স্পর্শ করত  মনকে !!
সেভাবে কখনও লিখিনি, তবে মন যখন তখন উড়ে যায় ডানা মেলে, আপন ভাবনার দেশে । তাই কেউ লিখলে, নিজেরও খুব ইচ্ছা হত লিখতে, মূলত রোম্যান্টিক ভাবনা থেকেই লিখে থাকি ।
ফেসবুকে প্রায় তিন বছর । শেষ এক বছরে অনেককে লিখতে দেখে, মনের ঘুমিয়ে থাকা ইচ্ছাটা আবার নাড়া দেয় । অক্টোবর, ২০১২ নতুন যাত্রা শুরু... তারপর দেবাশীষের সাথে পরিচয় । তাঁরই হাত ধরে প্রবেশ মনের কোণে । এখানে এসে ভীষণ একটা ভালোলাগা তৈরি হয় । সবাই বেশ আন্তরিক, আর সবাই বেশ ভালো লেখেন । সবচেয়ে বড় কথা, এমন একটা কিছু করা যায়, সেই চিন্তা করাটা । ঘরের হেঁসেল থেকে সুপ্ত প্রতিভাকে বার করে আনার এক অদম্য বাসনা প্রায় সবারই । সকলের লেখা পড়ে অনুপ্রাণিত হই । কিছু বন্ধু আছেন, যারা বারে বারে অনুপ্রাণিত করেন লেখার জন্যে । দেবাশীষ ও তার “মনের কোণে নিজের কলম”-এর পরিবারের সবার অক্লান্ত পরিশ্রম আর ঐকান্তিকতা, এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় মূলধন !! আমি এই পরিবারের সাফল্যের অংশীদার হতে পেরে আনন্দিত !!

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

মনন

নিজের সাথে শ্লীলতা বজায় রাখতে যদি চাই,
শরীর মনের গণ্ডীটাকে বাদ দিয়েছি তাই !
জনমানব বুঝবে কি আর অশ্লীলতার মানে,
কায়ার সাথে ছায়ার মিলন, দূরের আকাশ জানে !

শব্দ বিহীন শব্দ যখন হানছে আঘাত তীব্র
ভাবছি কোথায় ভুলটা হল, কোথায় গিয়ে জিতব !!?
আলো আঁধার তীব্র তখন, মনের আলো নিভল যখন !
মুক্ত আঁধার সেই তো ভালো, হৃদয় যদি শ্বাসটি নিল

মনের যত শালীন শব্দ, থাকনা দূরে, করুক জব্দ !
নিজের ছায়ায় থাকনা ভুলে, মনের আঙ্গন আবার খুলে !! 

পিয়াসীর পরজায়ি

শিশির বিন্দু আর মখমলি  চাদরে পা ফেলে
তুমি যখন আমায় বলেছিলে ভুলে যেতে,
ভুলে যেতে জাগতিক সংযোগ ;
তখনও আমি ছিলাম নিজের মতো খামখেয়ালী
বহেমিয়ানা আমার রক্তে । আমার মজ্জায় মিশে গিয়ে
হয়ে গেছে একাকার !!
পিয়াসী মন তাই পারেনি সব ভুলে তোমাতেই নত হতে
কারণ সে সুন্দরের পূজারী
সুন্দরের হাতছানি তার সমস্ত মনকে ছেয়ে রাখে
এক অজানা আচ্ছন্নতায় !
তখন তোমার সংবেদনশীল মনও পায় না খুঁজে
সেই মনের হদিশ !
সে তখন সুদুরের বুকে পাড়ি দিয়েছে ; অজানার আহ্বানে

অন্যমনা

চুপ থাকার মুহূর্তগুলো যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে,
তখন আমিও মাপতে বসি অনুভূতির গভীরতা......
যেখানে সন্তর্পণে রাখা আছে ঃ আমার মনের মাণিক্য !
যার আলোর ছটায়  আমার চোখ ধাধিয়ে যায়, আর সেই চোখ ধাঁধানো আলোয়...
আমি নতুন করে আবার ভালবাসি ......!!
......ভালবাসি এই পৃথিবীর সব ভালোলাগাকে,
যা আমায় বাঁচতে শেখায় ; স্বপ্ন দেখায়......।
আর খুলে দেয় সেই অসীমের দরজা;
যার ওপারে আছে অনাবিল আনন্দ আর সৌন্দর্য !
তাই আমার তৃষ্ণার্ত মন,
বারবার হারায় সময়......
সেই হারিয়ে যাওয়া পথের বাঁকে !!

নব পল্লব

আমি নারী
ঈশ্বরের নাকি সবচেয়ে প্রিয় সৃষ্টি !!
তবে আমার চোখে কেন জল ??
কেন আমাকেই বারবার দিতে হয় বলিদান ?
কখনও শরীরে, কখনও মননে
বারবার কেন আমাকেই পেতে হয় আঘাত !
ভেবেছ কি
আজ কি আবার, আর একবার
ঈশ্বর নতুন করে নারীকে সৃষ্টি করবেন !
আরও শক্তিশালী... আরও প্রকৃষ্ট গুণাবলী,
পরতে পরতে আরও সৌন্দর্য লেপে নতুন নারীর সৃষ্টি করবেন বিধাতা পুরুষ !
তবে তার আগে যেন আর একবার পুরুষকে সৃষ্টি করেন
নারীর চেয়েও আরও প্রকৃষ্ট উপাচারে... তাকে সাজিয়ে যেন নারীকেই দেন উপহার
যে পুরুষ শুধু নারীকে বন্ধু ভেবে, সখী ভেবে ভালবাসবে
ভুলে যাবে করতে সব অত্যাচার !!

2 comments:

  1. khub khub bhalo.... durdanto.... onyomona hoye sarakkhon thakte parle hyto sobcheye khushi thaktam....

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো

    ReplyDelete