সর্বানী দত্তগুপ্ত


যদিও বিজ্ঞানের সাধনাই জীবনের মূলমন্ত্র, তবু মনে মাদকতা আনে শিল্প-সংস্কৃতি ৷ ছোটোবেলা থেকেই লেখা ও আঁকার প্রতি এক অদম্য আকর্ষণ । লিখতাম ও !!! কিন্তু, জীবনের সাফল্য খুঁজতে গিয়ে হারিয়ে যায় প্রিয় স্বপ্নগুলো । হঠাৎ করেই আবার চলার শুরু ৷ মূলত আমি কবিতা লিখি ! আর ভীষণ ভালবাসি কবিতা পড়তে। আমার অনুপ্রেরণা আমার লেখকবন্ধু । তবে বিজ্ঞানের গূঢ়তত্ব নিয়ে বই লেখেন তিনি !
মনের কোণে নিজের কলম আমার অতি প্রিয় একটি গোষ্ঠী; আমি এর নতুন সদস্যা ৷ এই গোষ্ঠীর সমগ্র ভাবনা ও শিল্প চেতনা অত্যন্ত মনোগ্রাহী এবং প্রশংসনীয় ৷

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

বৃষ্টি বেলায়

আকাশ জুড়ে মেঘের ঘোড়া,
ছুটছে হাওয়া পাগলপারা,
ঝমঝমিয়ে আসবে এবার বৃষ্টিধারা!
এক পশলা ..

আজ মন কেমন দুপুর,
ঘনঘটায় মেঘ গুরগুর,
শনশন দমকা এলোমেলো সুর,
বড় একলা ..

টুপটাপ পড়ছে নাকি শিল?
অবিশ্রানত ‍অনাবিল,
উড়ে পালায় শঙ্খচিল,
এখন যে মেঘলা ..

পাও কি মাটির সোঁদা গন্ধ?
ছমছম নূপুরের ছন্দ?
চাতক তুই কি অন্ধ?
এই বেলা ..

আয় বৃষ্টি টাপুর টুপুর,
বাজিয়ে তোর রিমঝিম নূপুর,
ভরিয়ে মাঠ, নদী, পুকুর,
ভাসিয়ে ভেলা ..
সজীব সবুজ কিশলয়,
ছলাত্ ছলাত্ জলময়,
শনশন সমীরণ বয়,
কান ঝালাপালা ..

চলরে চাষী ভাই,
ধানের ক্ষেতে যাই,
আমন নাকি আউস? কি চাই?
জাগছে ডালপালা ..

জলে ভাসাই নৌকো আমার রে,
কে যাবি আয়, দাড়িয়ে আছিস কে?
দিচ্ছি পারি মাঝদরিয়াতে,
নিভৃতে একেলা ..

রিমঝিম রিমঝিম বৃষ্টি,
ঝাপসা হল দৃষ্টি,
জলে ভাসে বিধাতার সৃষ্টি,
ভরছে নদীনালা ..

ও মেয়ে! মাথায় দিয়ে কচুপাতা,
যাস তুই বলতো কোথা?
ভিজবে কেবল বৃথা,
তোর অঙ্গ কালা ..

ভাসছে কাগজ নৌকো জলে,
পাশপাশি দলেদলে,
ইচছে যেন বহুদূর চলে,
আনমনে খেলা ..

মেঘ তুই ভেসে চল,
পদ্ম পাতায় জল,
কানন ভরা কুসুমদল,
পাপড়ি মেলা ..

রাতের আকাশ নেই তারা,
মন বিষাদ, ছননছাড়া,
তবু সজীব সবুজে পৃথ্বী ভরা,
নেই দহন জ্বালা ..

অঝোর ধারায় ভিজছে সকল,
ভিজছে মাটির আঁচল,
কিংবা চোখের কাজল,
এই বৃষ্টিবেলা ..

নতুন ভোর

আজকে নতুন ভোরে ডাকছে আকাশ, ডাকছে বাতাস,
দূরের থেকে কথার জালে কেন আমার মন মাতাস৷
মন যে তোকে চাইছে নীবিড় করে এখুনি আজ,
ছুট্টে আয়, পড়ে থাক সব তোর কাজ৷
ভালোবাসার চোরাস্রোত বুকের মাঝে বয়,
ধীরে ধীরে দুকূল ভেঙ্গে করছে আমায় ক্ষয়৷
উথাল পাথাল খরস্রোতা ঢেউ,
নাই বা হোলেম আমি আজকে তোমার কেউ৷
একমুঠো প্রেমের দমকা হাওয়ায় ভরিয়ে দাও হৃদয়,
যতই আসুক বাধা, যতই আসুক প্রলয়৷
রিক্ত মনন সিক্ত আজ তোমার চুম্বনে,
উষ্ণতা দিয়ে উষ্ণতা মাপা প্রেমের আলিঙ্গনে৷
বক্ষ মাঝে এ কার হৃদস্পন্দন শুনি!
লক্ষ কোটি বছর ধরে তোমার জন্যে দিন গুনি৷
হৃদয় দিয়ে হৃদয় পূর্ণ করো- নয়তো আলেয়ার আলো,
চিবুক ছোঁওয়া অন্ধকারে জোৎস্না হয়ে জ্বলো৷
জেগে উঠুক অস্ফুট সব না বলা কথা কিংবা সুর,
আদরে আদরে জড়িয়ে থাকো আমার সারাটা সকাল, রাত্রি, ভোর, দুপুর৷
মিলেমিশে এক হই জোয়ার ডাকা প্রেম মোহনায়,
প্রাপ্তি পরিপ্রাপ্তি পরিতৃপ্তি পূর্ণতায়৷
শিকল ছিড়ে বুকের আগল খুলে ইচ্ছেদের পাখা মেলো,
শিশির  ভেজা সবুজ ঘাসে চরণচিণ্হ ফেলো৷
নিঃশব্দে নীরবে আজ আমাদের অভিসার,
তো  ঈশ্বরের দান, আমার জন্মজন্মের লুকানো অধিকার!  


2 comments: