কাজরী তিথি জামান



গান ও কবিতা এই দুটোই আমার প্রাণের মূল উৎস । স্বাভাবিক ভাবেই তাই ছোট থেকেই এই নিয়ে চর্চাও শুরু । প্রায় সব রকমেরই লেখা লিখতে লিখতে, আজ বলা খুব মুশকিল, ঠিক কী ধরণের লেখা লিখি না !?
বাংলাদেশের জাতীয় পত্রিকা – দৈনিক : যায় যায় দিন, সমকাল, মানব কণ্ঠ, ইত্তেফাক,
    মাসিক : প্রথমা, সরগম, ইত্যাদি বহু জায়গায় আজ প্রকাশিত ।
গানের এ্যালবাম – বৃষ্টি বিনিময়, নির্ঝরের তানপুরা, সাদা মেঘের পালক ।
অতি সম্প্রতি, কলকাতা থেকে প্রকাশিত “কপোতাক্ষ” আমার নতুন বই ।
“মনের কোণে নিজের কলম”-এর সাথে যুক্ত সেপ্টেম্বর, ২০১২ থেকেই । একে ভালো লাগার উৎস, ‘মন’ আর “মনের কোণে নিজের কলম” যেন নিজের অবচেতন আয়নায় নিজের স্বাধীন বিচরণ । বিভিন্ন গুণী মানুষের সংস্পর্শে, পাতাটি যেমন মনোমুগ্ধকর, তেমনই জানার পরিধি বিস্তার লাভ করে নিজের অজান্তেই ।
নিজেকে গুছিয়ে নিতে, মান-অভিমান ছায়া ফেলে না । আমার ভালোলাগা এখানেই !! 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

প্রাচীর

পাতলা কুয়াশা প্রাচীরে কী না শক্তি !
প্রাণের সুতোয় আটকে রাখে শীতের সূর্য,
অপেক্ষমান শিশুদের শীতবস্ত্রের সুতো চুরি করে ৷
অথচ ঐ সুতোটুকু জড়ো করতে কত না অমাবশ্যা
হাতউল্টে মামাবাড়ী পাঠিয়েছিল ‘চরকা কাটা বুড়ি’
চাঁদের আপত্তি না শুনেই……….
বিষুবরেখা ঘেঁসে পরিচিত এভারেষ্ট চুড়োয়
একটু বিশ্রাম চেয়েছিল খ’সে পড়া তারা
হয়তো ঘুম চোখে স্বপ্ন নড়ে উঠেছিল কোনো…..
সেই সুযোগে সুতোর বলটি গড়িয়ে
উত্তর_দক্ষিণ_পূর্ব _পশ্চিম …উদ্দেশ্যহীন,
অবশেষে বন্দী জলীয়বাষ্পের কারসাজিতে,
প্রতিদিন ভোরের সূর্যের অপেক্ষায় শিশুদের উঁকি ৷
একদিন তীক্ষ্ণ চিলের ঠোঁটে ছিনতাই হবে “সূর্য”
ছিঁড়ে যাবে হিমছোঁয়া কুয়াশার জাল…..
সেইক্ষণটি কতো দেরী _এ প্রশ্ন তোমার বিদ্রুপে,
যদি বলি ,এই মুহূর্তেই ; তুমিও প্রস্তুত হও ?
বিব্রত ? নাহ্ : মোটেও মানাচ্ছে না !!
বস্ত্রহীন শিশুদের ভোর তুলোয় মেখে ঘুমিয়েছো বহুকাল….
রুমহিটারেও ভনিতা যায়নি শীত আদরের,
আজ একটি বস্ত্রে, এতো আপত্তি ??

রক্তিম কোলাহল---“২”
যে আসেনি ,সে তো নিত্যদিন যায় আর আসে ৷কখনও নীল কখনও লাল অথবা বসন্ত সরলতায় ৷গানে ভরে উঠে চারপাশ এবং ভেতরের অলস তুইও অদেখার নাম যদি কবিতা হয়, কেমন করে বলিস আসেনি ? ঘড়ির কাঁটায় কয়েকটি মোহর ছড়িয়ে চোখ বন্ধ কর,কী দেখছিস ? তোর অপেক্ষা নাকি 'কুঁড়িমুখ প্রেম' ?? চাঁদের চাঁদোয়া আর ধুলো মেঘে কাতর মন ? চোখ ফিরিয়ে নেওয়া মানেটুকু বুঝবেনা ভাবছিস ? দূর বোকা ওর মুখে তারা মিটমিট হাসি ....বকুলের গন্ধ নিঃশেষে উজাড় করবে তোর মনের গাঁ ৷ দীঘি বুকে একটিও শতদল খুঁজে পাবিনা ৷ও তোর নখ চেনে, চোখ চেনে, তোর চুলের অবাধ্যতাও …..তোর রাগের গায়ে হাত বুলিয়ে বেড়ালের ঘুম দেখে ৷ তোর চশমার কাঁচে জমে থাকা কথায় ওর ছবি আঁকা ৷ ঐ যে নদীর ধারে কলস কাঁখে আলতা পা,জমেই ছিল জরীর পাড়ে ৷ পথের বাঁকে ভীড় কুয়াশায় বৃদ্ধ চাষী...চরের দিকে,ছায়ার হাতে তিনটি ছায়া...ঐ তো চেনে ! রঙের পরে রঙ মিলিয়ে ক্যানভাসে তার তোকেই আঁকা ,জমাট মনের পাথর ভেঙে ৷ অভিমানের এমনহাতে কাঁচের চুড়ি, নাকফুল তার মনহীরেটা’….জানিস তবে ? তবে কেন এমনতর অবুঝ শিশুর উথাল-পাথাল ! খুঁজিস কেন নতুন ছুঁতো নকশী বোনা নদীর ঢেউ এর পৌষী সকাল ? বন্ধ চোখেই ঠোঁটের কোণে ফুটলো হাসি ? এলোই বুঝি সেই রূপসী ? যাই তবে যাই.....সময় আমার ফুরিয়ে এলো’….অন্ধকারে আমার কথা গুনগুনিয়ে জমিয়ে রাখি ৷ চোখের কোণে বন্ধ আগল খুলবো কিনা কে বা জানে ! কে বা জানে ! ভালো থাকিস....রইলো তোর কদম জোড়া,দুপুর ঘুঘুর চুপ কাহিনী পাখায়, ঠোঁটে …৷ ক্লান্ত ঝরা উদাস হাওয়া, হরতকী বন ….ভালো থাকিস ৷ এলাম তবে...........গহীন বুকে শ্বাসটি যেমন ! বৃষ্টি ঘরে লালপাখিটা আর আসে না ,জানিস নাকি ? লালপাখি ……সেই লালপাখি………

কোমল গান্ধার
আধপেটা ক্ষুধার্ত শিশু জাত,ধর্ম,কাল,মান বোঝে না ৷ সময় হাতড়ে ঠিক পৌঁছে যায় পরাজিত ঘড়ির কাছে ৷
ফোলা ফোলা ঘুম চোখ, জীবনের ক্লান্ত দর্পন সে আমারই ........
রক্তের দানায়, রক্তঘামে এবং রক্তপাতে জন্মানো এই ছোট্ট শরীর বেড়ে উঠেছে আমারই রক্তে ৷
সারাদিনের সাদা-কালো, বৈশাখ, ভাদ্র, খরা, বন্যা মাখা শরীর আমার ৷
জড়িয়ে ধরলো বছর তিন....."মা,খাবো ৷ খুব ক্ষিদে পেয়েছে ৷”
জমকালো রোশনাই পুড়ে খেতে দিয়েছি মুখোশ মানবতা ও পুরষ্কার ৷
তৃপ্ত মুখে জ্বেলে এসেছি আরো আরো স্বপ্নিল ক্ষুধা ৷
এবার ! ঐ যে ছোট্ট তালু, ঠোঁটে দু'দানা ভাত, ঢুল-ঢুল ঘুম মেখে গোগ্রাসে খাচ্ছে, খাচ্ছে এমনভাবে যেন ফাঁক পেলেই ফুরিয়ে যাবে;
হারিয়ে যাবে খাবারটুকু....! বাসনে ফেলে যাবে ক্ষুধা ৷
কে যে কার মন ভরালো ! কে যে কাকে তৃপ্তি দিল ! ঈশ্বর, তুমিই কী জানো ?
হে অতৃপ্ত মানুষ, বেঁচে থাকো ৷ মানবতার মোড়কে অন্ধকার লুকিয়ে ৷ আর....আর ঐ অন্ধকারটুকু জমিয়ে খুঁজে নিও ?
"আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে"...........

12 comments:

  1. Sundor kobita.........kobi k suvechha janai.....Ro likhun........

    ReplyDelete
  2. খুব সুন্দর..!!! অনেক শুভেচ্ছা রইল

    ReplyDelete
  3. khub bhalo laglo Kajori ....onek shuveccha roilo.

    ReplyDelete
  4. Durdanto hoyeche... Osadharon laglo

    ReplyDelete
  5. মুগ্ধ হলাম কবি... শুভেচ্ছা ও অভিনন্দন জানাই :)

    ReplyDelete
  6. আবারও মুগ্ধ হলাম দিদি, যেমনটি বার বার হই, অসাধারণ লেখা............... শুভেচ্ছা নিও।

    ReplyDelete
  7. অসাধারণ লেখা ... অভিনন্দন জানাই :)

    ReplyDelete
  8. ucchamarger lekha. Paka hat. porle e mone kemon jeno anuvuti jage, keno eto taratari shesh hoye gelo, ar ektu hole bujhi aro valo hoto. Khub valo legeche.

    ReplyDelete
  9. besh sundor.....bhalo lagar lekha.....

    ReplyDelete